এক আজব দেশে বাস আমার…

যেখানে গণ হিস্টিরিয়ায় ও তান্ত্রিক সিদ্ধাচারে পালন হয় নেতাবদলের খেলা, বছর বছর নির্বাচনী ইস্তেহারের মতো নিঃস্তেজ প্রাণহীন জীবনের সন্ধান করে কেউ, নিজের প্রতীকী অপরত্ব পড়তে চেষ্টা করে, অক্ষরহীন, খাদ্যহীন, বাসস্থানহীন রোদে ঝলসানো শীতে কুঁকড়ে থাকা দেহের সারি হাহাকার করে ফুটপাথে, বহুতলের ছায়ায়, আইনের প্রখ্যাত স্নেহধন্যতায় অন্ধকার কালভার্টে, রেশনকার্ড-সম্বলিত রেললাইনের পাশে, ওয়াগন-ঘন ব্রীজের তলায়, অথবা ক্লান্তির প্রতিবিম্ব পড়ে না এমন কোনও ধুলো ওড়া চাষাড়ে সন্ধ্যার অবতরণে বিরাম খোঁজে, যেখানে একটা বোতাম টেপার জন্য খুন হয় অজস্র উন্মাদ, শীত-তাপ নিয়ন্ত্রণাধীন মধ্যবেত্তাদি চুপিসারে ভাবে 'কেমন দিলাম', মিডিয়ার রোমশ অথবা দামী পার্লারে রোম উপড়ানো উল্লাসে দেখা যায় নিবিড় স্পর্শকাতরতা-

'কে জিতবে এইবার' গোছের অবান্তর ও মূর্খ প্রশ্ন করে অনবরত, অথচ যখন ধর্ষকের কংক্রিট শিশ্নের অমোঘ বিস্তারে নেতিয়ে পড়ে অজ্ঞান হয় ক্লান্ত শহরতলী, গ্রাম, কলোনি-পুরাতনের স্মৃতি-মাখা শহর...

কে বলবে এ আমার দেশ ভারতবর্ষ? এইখানে মানুষ প্রথম ভোরের স্বপ্ন দেখেছিল?

Comments